রেভন্যান্ট সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রথমবারের মতো অস্কার পেলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। এর আগে বেশ কয়েকবার মনোনীত হলেও শেষ পর্যন্ত জেতা হয়নি।
এদিকে দ্য রুম সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রাই লারসন। এদিকে অস্কারের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে টম ম্যাকার্থির পরিচালনায় স্পটলাইট সিনেমা। সবচেয়ে বেশি ছয়টি অস্কার পেয়েছে ম্যাড ম্যাক্স: ফিউরি রোড। ১০টি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা।
এবার অস্কার জয়ের পথে ডি ক্যাপ্রিও পেছনে ফেলেছেন এডি রেডম্যাইন (দ্য ড্যানিশ গার্ল), মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস), ব্রায়ান ক্র্যানস্টন (ট্রাম্বো) এবং ম্যাট ডেমনকে (দ্য মার্শিয়ান)। রেভন্যান্ট সিনেমায় অনবদ্য অভিনয়ের আগে পাঁচবার মনোনীত হয়েছিলেন। ১৯৯৩ সালের সিনেমা হোয়াট ইটিং গিলবার্ট গ্রেপ এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার জন্য প্রথমবারের মতো মনোনীত হয়েছিলেন। এরপর সেরা অভিনেতার জন্য মনোনীত হয়েছিলেন দ্য অ্যাভিয়েটর (২০০৫), ব্লাড ডায়মন্ড (২০০৭), দ্য উলফ অব ওয়ালস্ট্রিট (২০১৩) এর জন্য মনোনীত হয়েছিলেন।
উল্লেখ্য, একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। রেভন্যান্ট সিনেমার জন্য ইমানুয়েল লুবজেকি টানা তৃতীয় বারের মতো সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছেন। এর আগে ২০১৫ সালে বার্ডম্যান এবং ২০১৪ সালে গ্র্যাভিটির জন্য অস্কার পেয়েছিলেন তিনি। ১০ টি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়ে তিনটিতে অস্কার পেল রেভন্যান্ট।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্রিজ অব দ্য স্পাই সিনেমায় অনবদ্য অভিনয় করা মার্ক রিল্যান্স। এদিকে পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দ্য ড্যানিশ গার্ল সিনেমায় অভিনয় করা অ্যালিসিয়া ভিকান্দার। বন্ডের সর্বশেষ সিনেমা স্পেক্টারের অরিজিনাল সাউন্ডট্র্যাক ‘রাইটিং অন দ্য ওয়াল’ এর জন্য অস্কার পেয়েছেন স্যাম স্মিথ।