প্রিয়াংকা চোপড়া এই মুহূর্তে বলিউডের সেরাদের তালিকায় উপর দিকে রয়েছেন। সুনাম কুড়িয়েছেন বিদেশের বিনোদন জগতেও। ক্যারিয়ারের এমন অবস্থায় বর্ণবৈষম্যের শিকার হয়েছেন এই তারকা অভিনেত্রী!
প্রিয়াংকার একটি ভিডিও গানকে ঘিরে এই ঘটনার সূত্রপাত। ‘ফেইথ হিলস’ নামের একটি গানের পরিবর্তে এক আমেরিকান টিভি’তে প্রিয়াংকার একটি ভিডিও গান দেখানো হয়। এর পরই প্রিয়াংকা ও কর্তৃপক্ষের কাছে একাধিক ইমেইল আসে যাতে প্রিয়াংকাকে ‘আরব জঙ্গি’ বলে সম্বোধন করা হয়েছে। আর এতেই খেপেছেন তিনি।
‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াংকা জানিয়েছেন, ‘আমি আরব নই, আমি একজন ভারতীয়। কিন্তু, আমি জানতে চাই, আরববাসী হলেই একজন মানুষকে কেন জঙ্গি মনে করবেন আমেরিকার একদল মানুষ। কারণ কি এটাই যে, আমাদের গায়ের রঙ বাদামি?’
এর আগে কৈশোরে একবার আমেরিকায় বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন প্রিয়াংকা। স্কুলে পড়ার সময় তাকে প্রায়ই বাদামি বলে টিটকিরি করত অন্যরা।