বসন্তের হাওয়া বইতে না বইতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। মশার কামড়ে অতিষ্ট হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যা নামলেই আবাসিক হলগুলোতে শুরু হচ্ছে মশাদের রাজত্ব।
যেকোনো সময় মশাবাহিত রোগে আক্রান্ত হতে পারে শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে মশাদের অত্যাচারে দুর্ভোগ নেমে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে শিক্ষার্থীদের অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার ও আবাসিক হলগুলোর পাশের ঝোপ-জঙ্গল ও ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ক্যাম্পাসে মশা বিস্তার বৃদ্ধি পেয়েছে। বিকেল গড়ালেই শুরু হয় মশাদের অত্যাচার। মশার কামড়ে ক্যাম্পাসের পুরাতন ফোকলোর চত্বর (ইবলিশ চত্বর), শহীদ মিনার, পরিবহণ মার্কেট, টিএসসিসি, সিনেট ভবন চত্বরসহ পুরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের চলাফেরা করা দায় হয়ে গেছে। গরম না আসতেই আবাসিক হলগুলোতে মশার উপদ্রবে সন্ধ্যার সময় বসে পড়াশোনা পারছে না শিক্ষার্থীরা। মশারির মধ্যে বসে তাদের পড়াশোনা করতে হচ্ছে।
এ বিষয়ে শাহ মখদুম হলের আবাসিক শিক্ষার্থী রনি আহমেদ বলেন, আমাদের হলের পাশে জঙ্গল ও ড্রেনগুলো পরিষ্কার না করায় অত্যধিক মশার সৃষ্টি হয়েছে। মশার উপদ্রবে বসে একটু পড়াশোনা করতে পারছি না। সন্ধ্যা হলেই মশারি দিয়ে থাকতে হচ্ছে। মশারির মধ্যে বসে ঠিকমতো পাড়াশোনা করা যাচ্ছে না। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই আবাসিক হলগুলোতে মশা নিধন স্প্রে প্রয়োগ করে আমাদের মশা থেকে রক্ষা করবেন।
নাম প্রকাশ না করার শর্তে সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমরা মশার কামড়ে অতিষ্ট হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে গত শনিবার মশা নিরোধক স্প্রে করা হয়েছে। আমাদের পড়াশোনার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন না ভেবে নিজেদের কথা ভাবছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, মশার ব্যাপারে গত সপ্তাহে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কথা হয়েছে। তারা অতি দ্রুত মশা নিধন স্প্রে প্রয়োগ করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।
উপাচার্যের বাসভবনে মশা নিধন স্প্রে দেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, শনিবার স্পেশালভাবে মেয়েদের হলগুলোতে মশা নিধন স্প্রে করে গেছে। আমরা তাদের অনুরোধ করেছি তারা দু’একদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে স্প্রে করে দিয়ে যেতে পারে।