ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবাশ বাংলাদেশ মাঠে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা চলছিল। এসময় তাদের খেলার মধ্যে অহেতুক দৌড়াদৌড়ি এবং নানা ধরনের সমস্যা সৃষ্টি করছিল স্থানীয় কয়েকজন। এই বিষয়টি নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের নিষেধ করলে তারা কোন তোয়াক্কা করে নি। বরং স্থানীয় ১০-১২ জন এ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু করে দেয়। এর এক পর্যায়ে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি হয়। পরে টিকতে না পেরে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পালিয়ে যান।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মাঝে মাঝেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বহিরাগতরা মারধর করে যাচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাস দিলেও কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। ক্যাম্পাস আমাদের তাই মাঠে খেলার অধিকারও আমাদের। কিন্তু আমদের মাঠে এসে শুধু বহিরাগতরা খেলছেই না বরং তারা আমাদের উপর হামলা করছে। প্রক্টর আশ্বস্ত করলে শিক্ষার্থীরা বলেন, শুধু আশ্বাস নয়, এর প্রতিকার করতে হবে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর বহিরাগত কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দেন শিক্ষার্থীরা।
এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় যারা মারধর করেছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।