তথ্যপ্রযুক্তির খাতে অগ্রযাত্রার সঙ্গী হতে দেশের বিত্তবান রোটারিয়ানদেরকে তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপে বিনিয়োগ করতে হবে বলে জানালেন বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান।
সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা’তে আয়োজিত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে তথ্যপ্রযুক্তি। যার স্বীকৃতি মিলেছে গার্টনার, এটিকার্নি, জেপি মরগ্যানসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশিত রিপোর্টে। পর্যাপ্ত বিনিয়োগ পেলে এই খাত আগামী ১৫ বছরে গার্মেন্টস সেক্টরের মতো জিডিপিতে কয়েক বিলিয়ন ডলারের অবদান রাখতে পারবে।
বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের পরবর্তী গন্তব্যস্থল হিসেবে প্রতিষ্ঠিত হবে মন্তব্য করে তিনি বলেন, ইতোমধ্যেই ফেনক্স, টেলিনর, আজিয়াটা, রকেট ইন্টারনেট, সিক, ন্যাসপারস, স্যামসা, অ্যাক্সেন্সারসহ আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠান প্রতিবছর ৫ থেকে ৭ গুণ রিটার্ন পাচ্ছে।
গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্সে রোটারির সাবেক গভর্ণর কে.এম জয়নুল আবেদিনের সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন পিপি রফিকুল ইসলাম রাউলি। এছাড়া উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল গভর্ণর এসএম শওকম হোসেন, আরআইপিপিআর পিজিডি জামিল ই. মওয়াদ এবং লেডি পেট্রিশিয়া মেকারি।