বগুড়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দণ্ডপ্রাপ্ত আসামির সাবেক স্ত্রী ও তার দুই সহোদরকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে ।
 
সোমবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম মমতাজ পারভীন এ আদেশ দেন।
 
স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নাসির উদ্দিন খাঁ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঠপাড়া গ্রামের মফছের আলী সরকারের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- নাসির উদ্দিন খাঁর সাবেক স্ত্রী সালমা বেগম, তার ভাই মছির খাঁ ও সামাদ খাঁ।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নাসির উদ্দিন খাঁ ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে প্রায়ই তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমকে মারপিট করতো। ১৯৯৭ সালের ২৯ সেপ্টেম্বর রাতে নাসির খাঁ তার স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন নিহত মমতাজের বাবা মছের আলী সরকার বাদী হয়ে নাসির উদ্দিন খাঁসহ ৪ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।