ফাহমিদা নবীর সঙ্গে গান গাইলেন কোহলি

শুধু ব্যাটিং ক্রিজে নয়, গানের মঞ্চেও বেশ পারদর্শী ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। তার গানের প্রতিভাই ধরা পড়ল রবিবার রাতে।
 
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন দেশটির ক্রিকেটারদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানেই গান গাইছিলেন বাংলাদেশের শিল্পী ফাহমিদা নবী। অনুষ্ঠানের এক পর্যায়ে বলিউডের জনপ্রিয় গান ‘যো ওয়াদা কিয়া য়ো নিভানা পাড়েগা’ গাওয়া শুরু করেন ফাহমিদা। এই গানটি বিরাট কোহলির বেশ পছন্দের। আর তাই  নিজেকে সামলাতে না পেরে মঞ্চে উঠে পড়েন কোহলি। মঞ্চে গান গাওয়া শুরু করেন ফাহমিদার সঙ্গে।
 
 
আর সেই ঘটনা নিজ মোবাইলের ক্যামেরায় ধারণ করতে ভুল করেন নি ভারতীয় হার্ড হিটার ব্যাটসম্যান যুবরাজ সিং। অনুষ্ঠান শেষে গান গাওয়ার দুইটি ভিডিওটি নিজের ইন্সটাগ্রামেই আপলোড করেছেন কোহলি।
 
আগের দিনই এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল ভারত। ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে ফেলার পর কোহলির ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত।