অভিযোগপত্র দাখিল ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার প্রায় দেড় বছর পরও কমলাপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ইস্রাফিল হোসেন হত্যা মামলা বিচারের নথি কেন দায়রা আদালতে প্রেরণ করা হয়নি তা ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
আগামী দশ দিনের সিএমএমকে লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। এক আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে আসামি আবু তালেব খাঁনের জামিন আবেদনও খারিজ করে দেয়া হয়েছে।
২০১৩ সালের ৫ অক্টোবর ইস্রাফিল হোসনকে কমলাপুর রেলওয়ে ষ্টেশনে হত্যা করা হয়। ওই ঘটনায় স্টেশন মাস্টার শাহাদাত হোসেন রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর আবু তালেবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একইসঙ্গে আসামি তালেব ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন ওই আসামি।
সোমবার ওই আবেদনের শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ২০১৪ সালে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্র দাখিলের পর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর। কিন্তু মামলার নথি বিচারের জন্য এতদিনেও কেন দায়রা আদালতে প্রেরণ করা হয়নি? এরপরই আদালত ঢাকার সিএমএমকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেয়।
শুনানিকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির ও আসামি পক্ষে গোপাল চন্দ্র শুনানি করেন।