খুলনায় ঘের ব্যবসায়ী হত্যা মামলায় মা-ছেলের যাবজ্জীবন

খুলনায় ঘের ব্যবসায়ী কামরুজ্জামান মোল্লা হত্যা মামলায় আসামি শান্তিলতা মণ্ডল ও তার ছেলে হরিদাস মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের দিয়েছেন আদালত।
 
মামলার অপর আরেকটি ধারায়  আসামিদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি শান্তিলতা মণ্ডল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছে। মামলার রায়ে বলা হয়েছে, উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে।
 
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১০ নভেম্বর ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর গ্রামের ঘের ব্যবসায়ী কামরুজ্জামান মোল্লা পাইকগাছা উপজেলার পার মধুখালী গ্রামের নিজের মাছের ঘেরে যায়। পরের দিন সকালে পারমধুখালী গ্রামের পরিমল মণ্ডলের স্ত্রী শান্তিলতা মণ্ডল কামরুজ্জামানের ভাই এনামুল হককে মোবাইল ফোনে জানায় তার ভাই আত্মহত্যা করেছে। এ ঘটনায় নিহতের ভাই এনামুল শান্তিলতা মণ্ডলসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৬ আক্টোবর মামলার দন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. রফিকুল ইসলাম আসামি শান্তিলতা, হরিদাশ ও সুকান্ত মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুকান্ত মণ্ডলকে বেকসুর খালাস দেয়া হয়েছে।