নরসিংদীর শিবপুরে স্কুলছাত্র সোহেল হত্যা মামলায় আদালত ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডসহ অনাদায়ে আরো ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন আদালতে এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শিবপুরের মানিকদী গ্রামের আব্দুল জব্বারের ছেলে খোরশেদ আলম, একই এলাকার কফিল উদ্দিনের ছেলে সবুজ মিয়া, তাহের আলীর ছেলে নাছির উদ্দিন, মৃত সামসুদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন ওরফে হাইব্বা, আবুল কাশেম খানের ছেলে আদেল খান ও মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মিজানুর রহমান। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে খোরশেদ আলম, সবুজ মিয়া, হাফিজ উদ্দিন ওরফে হাইব্বা পলাতক আছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ৬ জুলাই নরসিংদীর শিবপুর উপজেলার মানিকদী গ্রামের আব্দুল হাই ভূঁইয়ার ছেলে শহিদুল ইসলাম সোহেল স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। পরে ১০ জুলাই শিবপুরের চন্ডিবর্দি গ্রামে ফজলুল হক ফরাজীর জমির ওপর একটি বালুর স্তুপ থেকে শহিদুল ইসলাম সোহেলের মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত স্কুলছাত্র সোহেলের বাবা আব্দুল হাই বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।