রাজধানীতে খাবারে বিষক্রিয়ায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ইসরাত জাহান (১৪) ও আলভি আমানকে (৬) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের খালা আফরোজা নিলা সাংবাদিকদের বলেন, দুই ভাইবোন রবিবার বিকেলে বাবা-মার সঙ্গে পার্শ্ববর্তী একটি চাইনিজ রেস্টুরেন্টে যায়। সেখানে তারা খাওয়া-দাওয়ার পর অবশিষ্ট খাবার বাসায় নিয়ে আসে। সোমবার দুপুরে তারা এগুলো খায়।
হাসপাতাল সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে বাবা আমানউল্লাহ ইশরাত ও আলভিকে ডাকেন। কিন্তু তাদের সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে ইশরাত ও আলভিকে হাসপাতালে আনা হয়। রাত সোয়া ৮টার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। খাবারে বিষক্রিয়ার কারণে তারা মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইসরাত জাহান ও আলভি আমানের বাসা রামপুরা বনশ্রীর বি ব্লকে। ইসরাত ভিকারুন্নেছা নুন স্কুলে এবং আলভি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করত। তাদের বাবা-মা দুজনই চাকরি করেন।
ঢামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে। তদন্তের পরই তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে ।