বৈশ্বিক বাজারে সাশ্রয়ী মূল্যে উন্নত কনফিগারেশনের ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীন ও তাইওয়ানের বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতারা। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এইচটিসি অন্যতম একটি। তাইওয়ানভিত্তিক এই প্রতিষ্ঠান এবার ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেটের বাজারে প্রবেশ করতে যাচ্ছে।
৫ এপ্রিল নিজেদের প্রথম ভিআর হেডসেট ‘এইচটিসি ভাইব’ বাজারে আনতে যাচ্ছে এইচটিসি। ইতোমধ্যে এর আগাম ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। ডিভাইসটি পেতে এইচটিসির নিজস্ব ওয়েবসাইটে ৭৯৯ মার্কিন ডলারে ক্রয়াদেশ দেয়া যাবে।
ফেসবুকের কিনে নেওয়া অকুলাস রিফট, সনির মরফিয়াস ভিআর, স্যামসাংয়ের গিয়ার ভিআর প্রভৃতি হেডসেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই ভিআর প্রযুক্তিপণ্যের বাজারে আসছে এইচটিসি।
গেমিং ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ভালভের সাথে যৌথ উদ্যোগে এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করেছে এইচটিসি।
এই হেডসেট একটি ওয়্যারলেস কন্ট্রোলার ও ট্র্যাকিং প্রযুক্তির সাথে সংযুক্ত হবে। এতে একজন গেমার নিজের ঘরে বসে থেকেই কম্পিউটারে তৈরি ভার্চুয়াল পরিবেশের মধ্যে চলাফেরা করতে পারবে। অর্থাৎ এই হেডসেটের মাধ্যমে একজন গেমার তার গেমের মধ্যেই অবস্থান করার অনুভূতি লাভ করবেন।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট প্রদর্শন করে এইচটিসি।