এনক্রিপশন লড়াইয়ে অ্যাপলের সমর্থনে নিউইয়র্ক জজ

এনক্রিপশন ও প্রাইভেসি নিয়ে মার্কিন সরকারের সঙ্গে লড়াইয়ে এবার অ্যাপলকে সমর্থন জানিয়েছেন ব্রুকলিনের ফেডারেল জজ। এক রুলে ব্রুকলিনের ফেডারেল জজ জানিয়েছেন, আইফোন আনলকের ব্যাপারে অ্যাপলকে বাধ্য করা যাবে না। সূত্র- রয়টার্স।
 
মাস খানেক আগে ক্যালিফোর্নিয়ার এক জজ অ্যাপলকে আইফোন আনলকের ব্যাপারে মার্কিন সরকারকে সাহায্য করার আদেশ দেন। এতে নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতের দ্বারস্থ হয় অ্যাপল।
 
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সান বার্নাডিনোয় এক হলিডে পার্টিতে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়। ওই ঘটনায় সৈয়দ রিজোয়ান ফারুক নামে এক ব্যক্তি এবং তার স্ত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের ব্যবহৃত আইফোন আনলকের প্রয়োজন পড়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের।
 
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত অ্যাপলকে আইফোনের এনক্রিপশন কোড ভেঙে সংস্থাটিকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন। ঘটনার সূত্রপাত এখান থেকেই। বিষয়টি ঘিরে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
 
অ্যাপল সাফ জানিয়ে দেয়, আইফোন আনলক করে দেয়াটা তাদের নীতির পরিপন্থী। এ নিয়ে শেষ পর্যন্ত নিজেদের যুক্তিতর্ক উপস্থাপনে আইনপ্রণেতাদের দ্বারস্থ হয় অ্যাপল।