রংপুরে মানহানির মামলায় মাহফুজ আনামের জামিন

 
রংপুরে দায়েরকৃত মানহানির মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মঙ্গলবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম তার জামিন মঞ্জুর করেন।
 
মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ মে দিন ধার্য করেছে আদালত।
 
জামিন নেয়ার পর জরুরি অবস্থা চলাকালে দুই নেত্রীকে মাইনাস ও রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহফুজ আনাম বলেন, ওয়ান ইলেভেনের সময় তার দুই বছরের পত্রিকা বিশেষ করে সম্পাদকীয় সামগ্রিকভাবে দেখলে বোঝা যাবে, আমার কি ভূমিকা ছিল। একটি কাগজের মূল অবস্থান থাকে তার সম্পাদকীয় অবস্থান। নিরপেক্ষভাবে বিষয়টি দেখলে সব পরিষ্কার হবে। 
 
মাহফুজ আনামের পক্ষে সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সিনিয়র আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী, আইনজীবী মুনীর চৌধুরী, আইনজীবী নির্মল চন্দ্র মাহাতা, আইনজীবী রেজিনা ইয়াসমিন, আইনজীবী কমল কুমার চৌধুরী এবং বাদী পক্ষে পিপি আব্দুল মালেক, স্পেশাল পিপি রফিক হাসনাইন মামলা পরিচালনা করেন।
 
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন মন্ডল।
 
মামলার এজহারে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে মানহানিকর সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে এই মামলা করা হলো।