ঋণ খেলাপি মামলা: খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৩ এপ্রিল

 
ড্যান্ডি ডাইংয়ের ঋণ খেলাপির মামলায় বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ৩ এপ্রিল। মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এই দিন ধার্য করেন।
 
আজ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ইস্যু গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন মর্মে সময়ের আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন করে দিন ধার্য করেন।
 
গত বছরের ১৪ জুলাই খালেদা জিয়ার পক্ষে জবাব দাখিল করেন তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেজবাহ।
 
২০১৩ সালের ২ অক্টোবর বিবাদীদের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা করেন সোনালী ব্যাংকের মতিঝিল স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
 
মামলার অভিযোগে বলা হয়, বিবাদীরা ড্যান্ডি ডাইংয়ের পক্ষে ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ঐ বছরের ৯ মে সোনালী ব্যাংক বিবাদীদের আবেদনকৃত ঋণ মঞ্জুর করেন।
 
২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীদের আবেদনক্রমে ব্যাংকের পরিচালনা পর্ষদ সুদ মওকুফ করে। এরপর বিবাদীদের আবেদনক্রমে ঋণ পুনঃতফসিলীকরণও করা হয়। কিন্তু বিবাদীরা ঋণ পরিশোধ না করে ক্রমাগত কালক্ষেপণ করতে থাকেন।
 
গত বছরের ৮ মার্চ খালেদাসহ কয়েকজনকে বিবাদীভুক্ত করার জন্য ঢাকার প্রথম অর্থঋণ আদালতে আবেদন জানান সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন। ১৬ মার্চ খালেদা জিয়া, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও দুই জাফিয়া রহমান, ও জাহিয়া রহমানকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।