'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' অনুষ্ঠানে যোগ দিতে প্যারিসে সংস্কৃতি মন্ত্রী

 
জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো ও ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে আগামী ৩ মার্চ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে প্যারিসে যাচ্ছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
 
প্রতিনিধি দলে মন্ত্রীর সঙ্গে রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মফিদুর রহমান, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ফকির সাহাবুদ্দিন এবং নৃত্যশিল্পী  র‍্যাচেল প্রিয়াংকা প্যারিস।
 
ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানাতে 'সে্লেব্রেটিং ল্যাংগুস্টিক অ্যান্ড কালচারাল ডাইভারসিটি' (Celebrating Linguistic and Cultural Diversity) শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যাটি ইউনেস্কো ভবনে ২ নং মিলনায়তনে বৃহস্পতিবার স্থানীয় সময় ৬ টায় অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষিত হওয়ার পর থেকে প্রতি বছর ইউনেসকোর সঙ্গে যৌথভাবে দিবসটি উদ্যাপন করে আসছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস।
 
এ বিষয়ে জানতে চাইলে  প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সরি হযরত আলী খান জানান, 'বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ইউনেস্কো ভবনে অত্যন্ত মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করতে আমরা সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন করেছি। অনুষ্ঠানে ইউনেস্কোর ডিজি ইরিনা বোকোভা, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ইউনেস্কো্য বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ছাড়াও ভারত, ইরান, গ্রিস, লিথুয়েনিয়া, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিরা উপ্সথিত থাকবেন।'
 
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রীর সাথে একটি বৈঠক হবে বলেও জানান তিনি।
 
অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকাল ১০ টায় এমিরেটস ফ্লাইটে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল। অনুষ্ঠান শেষে ৫ মার্চ দলটি দেশের উদ্দেশ্যে রওনা দিবে।