দুই শিশু হত্যার আলামত পাওয়ায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ

রাজধানীর রামপুরায় মৃত দুই শিশুর ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়ার পর চারজনকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। তারা হলেন- ভবনের দুই দারোয়ান, গৃহশিক্ষিকা এবং এক আত্মীয়।
 
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনা তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে এই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে র‌্যাব-৩ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক আহমেদ জানিয়েছেন।
 
শিশু দুটির বাসা রামপুরা বনশ্রীর বি ব্লকের চার নম্বর রোডের বাসা থেকে দুই দারোয়ান, গৃহশিক্ষিকা ও এক স্বজনকে র‌্যাব-৩ এর ক্যাম্পে নেয়া হয়।
 
র‌্যাব কর্মকর্তা মোস্তাক বলেন, তারা আটক বা গ্রেপ্তার নয়। বিষয়টি জানার জন্য তাদের এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোটভাই হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানকে (৬) সোমবার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
তাদের বাবা আমানুল্লাহ একজন পোশাক ব্যবসায়ী। মায়ের নাম মাহফুজা মালেক জেসমিন।
 
পরিবার বলেছিল, একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় দুই ভাই-বোন মারা যায়।
 
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ‘হত্যাজনিত’ মৃত্যু।
 
ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহেল মাহমুদ বলেন, দুটি বাচ্চার গলায় তারা ‘দাগ’ পেয়েছেন। সেখানে আঙুলের ছাপও ছিল। থুতনিসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। দুজনেরই জিহ্বায় কামড় লেগে ছিল। খাবারে বিষক্রিয়ার অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনাও পাঠানো হয়েছে।
 
এদিকে ‘কেন্ট’ নামে বনশ্রীর যে রেস্তোরাঁর খাবার তারা খেয়েছিল, তার ব্যবস্থাপকসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে সকালেই আটক করা হয় বলে জানান রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম।