বিশ্বজুড়ে সমাদৃত অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম খান একাডেমির বাংলা সংস্করণ উন্মোচন করলো গ্রামীণফোন ও আগামী। আজ এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। খান একাডেমির বাংলা সংস্করণের লিঙ্কটি হলো- bn.khanacademy.org.
সবার জন্য যেকোনো স্থানে বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৬ সালে বাংলাদেশি বংশোদ্ভুত উদ্যোক্তা ও শিক্ষাবিদ সালমান খান যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান খান একাডেমি (www.khanacademy.org) প্রতিষ্ঠা করেন। খান একাডেমি সব বয়সের সব শিক্ষার্থীর জন্য অনলাইনে বিনামূল্যে বিষয়ভিত্তিক শিক্ষার উপকরণ ও উৎসভিত্তিক সহায়তা দিয়ে আসছে। খান একাডেমিতে রয়েছে নিয়মিত চর্চার অনুশীলনী, নির্দেশনামূলক ভিডিও, ড্যাশবোর্ড বিশ্লেষণ ও শিক্ষা উপকরণ। যার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ও এর বাইরে নিজেদের মতো করে অধ্যয়নেরসুযোগ পাবে। খান একাডেমির বাংলা সংস্করণ উন্মোচনের মাধ্যমে দেশজুড়ে শিক্ষার্থী ও শিক্ষাবিদরা খান একাডেমির সকল বিষয়বস্তু ও উপকরণ বাংলায় পড়তে পারবেন।
আগামী, গ্রামীণফোন ও খান একাডেমির যৌথ সহযোগিতার ভিত্তিতে খান একাডেমির বাংলায় রূপান্তর সম্ভব হয়েছে। এ সহযোগিতার অংশ হিসেবে গত ৮ মাসে ২ মিলিয়ন শব্দ ও ৬শ’র বেশি ভিডিও বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে। খান একাডেমি রূপান্তরের এ কার্যক্রম এখনও চলছে। সামনের দিনগুলোতে খান একাডেমির বাংলা সংস্করণে আরও বেশি কন্টেন্ট ও অতিরিক্ত অনেক বিষয় যুক্ত হবে। এছাড়াও, খান একাডেমি বাংলা ওয়েবসাইটের মূল্যায়ণ ও বিস্তৃতির জন্য স্কুল পর্যায়ে একটি পরীক্ষামূলক গবেষণা চালানোর পরিকল্পনা করা হয়েছে।
খান একাডেমি বাংলা সংস্করণের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি।
এ উদ্যোগ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, ‘এ মহৎ উদ্যোগের অংশ হতে পেরে গ্রামীণফোন অত্যন্ত গর্বিত। এখন, বাংলা ভাষা-ভাষী শিক্ষার্থী ও শিক্ষাবিদরা যেকোনো জায়গায় যেকোনো সময় তাদের হাতের নাগালে উচ্চ মানসম্পন্ন শিক্ষা উপকরণ খুঁজে পাবে। দেশের প্রতিটি ঘরে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেয়াই আমাদের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রচারণার লক্ষ্যে। ব্যক্তি, সমাজ ও জাতিকে উপকৃত করার ক্ষেত্রে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা সহজলভ্য করার চেয়ে আর ভালো কোনো উপায় নেই।’
এ উদ্যোগ নিয়ে আগামী এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মসিহুজ্জামান বলেন, ‘আগামীর বাংলাদেশের সব শিশুর মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার রূপকল্প বাস্তবায়নে খান একাডেমি বাংলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশজুড়ে শিক্ষার্থী, বাবা-মা ও শিক্ষকরা যেনো বিনামূল্যে এ অনলাইন শিক্ষা কার্যক্রমকে শিক্ষার উৎস হিসেবে সদ্ব্যবহার করতে পারে এটা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।’
গ্রামীণফোন লি:
টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৫৫ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। www.grameenphone.com : www.facebook.com/grameenphone
আগামী
বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও দুঃস্থ শিশুদের জন্য শিক্ষা প্রচারে নিবেদিত অলাভজনক প্রতিষ্ঠান আগামী। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে আগামী প্রতিষ্ঠিত হয় এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন এর একটি সহযোগী সংস্থা। ঢাকায় এর নিজস্ব কার্যালয় রয়েছে। আগামী দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করে। এছাড়াও, প্রতিষ্ঠানটি স্কুলগুলোতে শিক্ষাগত সমৃদ্ধি ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সহায়তা প্রদান করবে। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষাবিষয়ক প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে আসার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী আগামী। এ বিষয়ের ওপর জোর দিয়ে সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে খান একাডেমির সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। www.agami.org : www.facebook.com/agami.org