বিকাশমান বাজারে আসছে সাশ্রয়ী দামের শেষ লুমিয়া

স্মার্টফোনের বাজারে বেশি বাজেটের হ্যান্ডসেটের চেয়ে কম বাজেটের হ্যান্ডসেটের চাহিদা বেশি। ফলে উন্নত কনফিগারেশনের বাজেট সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনতে কাজ করে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই দৌড়ে এগিয়ে থাকতে আবারও কম বাজেটের ডিভাইস আনে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট।
 
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত লুমিয়া ৬৫০ উন্মুক্ত করে মাইক্রোসফট। সাশ্রয়ী দামের এই ফোনটি এবার বিশ্বের বিকাশমান স্মার্টফোন বাজারে আসছে। এর মধ্যে ভারতে মার্চের শুরু থেকে পাওয়া যাবে ডিভাইসটি। বর্তমানে এটি ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে।
 
ডুয়েল সিমের এই ফোনে ৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির অ্যামোলিড ক্লিয়ার ব্ল্যাক ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ১৯৭ পিপিআই।
 
এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর রয়েছে। এই প্রসেসরের ক্লক স্পিড ১.৩ গিগাহার্টজ। ১ জিবি র‍্যামের এই ফোনে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
এতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ২০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
 
ডিভাইসটিতে প্রি-ইনস্টল করা আছে অফিস অ্যাপস, অন-দ্য-গো, ওয়ান ড্রাইভ, কর্টানা এবং মাইক্রোসফট অ্যাসিসট্যান্ট।
 
ফোনটির মূল্য ১৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৭৫৫ টাকা।
 
গুঞ্জন আছে, এটিই মাইক্রোসফটের শেষ লুমিয়া স্মার্টফোন। এখন থেকে লুমিয়া ছেড়ে সারফেস ফোন নির্মাণে গুরুত্ব দেবে নির্মাতারা। লুমিয়ার অধীনে আর কোনো সেলফোন উন্মোচনের ইচ্ছে নেই সংশ্লিষ্ঠদের।