বগুড়ার শেরপুরে একটি ভবনের নব নির্মিত ভবনের সেপটিক ট্যাঙ্কির সাটার খুলতে গিয়ে ভেতরে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পৌর শহরের হাসপাতাল রোডের খন্দকার টোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা লাশ উদ্ধার করেছে। এ দিকে এ ঘটনায় নব নির্মিত ভবনের মালিক আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।
IMG0
নিহত ২ নির্মাণ শ্রমিক হলেন, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝড় বিলনথার গ্রামের শাহজাহান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫) ও একই উপজেলার খানপুর ইউনিয়নের ইমদাদুল হকের ছেলে সাগর রহমান (২০)।
জানা গেছে, ওই ভবনে নির্মান কাজ করছিলেন নিহত দুইজন শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৯টায় তারা ওই ভবনের সেফটি ট্যাংকের সাটার খোলার জন্য ভেতরে নামেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অন্য শ্রমিকরা লোকজনকে খবর দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টায় সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোহা বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কালাম আজাদের মালিকানাধীন ভবনের নবনির্মিত সেপটিক ট্যাঙ্কির ঢালাইকৃত ছাদের সাটার খুলতে দুইজন শ্রমিক সেপটিক ট্যাঙ্কির ভেতর নামেন। এরপর সেখানে তারা আটকা পড়ে বিষক্রিয়ায় মারা যান।