পাকিস্তান ও ভারতের মধ্যকার ধর্মশালায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি টোয়েন্টির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে যে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে তা নিয়েই এখন সরব পুরো ক্রিকেট বিশ্ব। তবে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে পাকিস্তানকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ভারতীয় বোর্ড প্রধান শশাঙ্ক মনোহর।
ম্যাচটিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়ে শশাঙ্ক এ ব্যাপারে নিজেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানের সাথে কথা বলেছেন। হিমাচল প্রদেশের সরকারের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার পরে পাকিস্তান-ভারত ম্যাচটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে মনোহরের ফোনালাপের পরে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে বলে পিসিবি সূত্রে জানানো হয়েছে। আগামী ১৯ মার্চ বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ ব্যাপারে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, মনোহর পুরো বিষয়টি নিয়ে শাহরিয়ার খানের সাথে আলোচনা করেছেন। এর মধ্যে নিরাপত্তা প্রশ্নে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কেও অবহিত করা হয়েছে।
মনোহর জানিয়েছেন যেহেতু বর্তমান বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুরের বাড়ি ধর্মশালায় সে কারণেই তিনি নিজেই বিষয়টি খতিয়ে দেখছেন। তবে শেষ পর্যন্ত সব কিছু মিলিয়ে আদৌ যদি ম্যাচটি ধর্মশালায় অনুষ্ঠিত করা না যায় তবে বিকল্প ভেন্যুরও চিন্তাভাবনা ইতোমধ্যেই করা হয়েছে। আরেকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে শুধুমাত্র পাকিস্তান দলকেই নয় ভারতীয় বোর্ড ওয়ার্ল্ড টি টোয়েন্টি উপলক্ষে ভারত সফরে যাওয়া সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ধর্মশালা ছাড়াও পাকিস্তানের অন্যান্য ম্যাচগুলো কলকাতা ও মোহালিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। গত সপ্তাহে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে পাকিস্তান দলের অংশগ্রহণের ব্যাপারে ঐ দেশের সরকারও সবুজ সঙ্কেত দিয়েছে।