আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঝুট গুদাম ভস্মীভূত

সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে দশটি ঝুটের গুদাম ভষ্মীভূত হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। 
 
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, আশুলিয়ার গোরাট এলাকার নাভানা গেটের পাশে ঝুট গুদামে আগুন লাগার পর সাড়ে চারঘণ্টা চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। ইমরান হাজীর ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।
 
ডিইপিজেড, সাভার, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকালে সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততোক্ষণে ১০টি গুদামঘর ও ভেতরে থাকা সমস্ত ঝুট কাপড় পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।
 
খাইরুল ইসলাম নামের এক গুদাম মালিক জানান, আগুনে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হতে পারে।