নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১৩ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। 
 
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টা দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহারের আদালতে তাকে হাজির করা হয়। 
 
এদিন সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের তিনটি অস্ত্র আইনের তিনটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে উপস্থিত না থাকায় আসামি পক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে বিচারক কামরুন নাহার আগামী ১৩ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। 
 
উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিলে সাত খুনের পর এই মামলার প্রধান আসামী নূর হোসেন ভারতে পালিয়ে গেলে সরকার তার বৈধ অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে বিশেষ ট্রাইব্যুনালে নূর হোসেনের বিরুদ্ধে লাইসেন্স বাতিল হওয়ার পরও অস্ত্র জমা না দেয়ায় একটি এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে পুলিশ বাদি হয়ে আরো দুইট মামলা করে।