চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি পিকনিকের বাসের চাপায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, নিহতদের একজন ১০ থেকে ১২ বছর এবং অন্য দুইজন ৩০ থেকে ৩৫ বছর বয়সী। তবে তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এমরান ভূঁইয়া বলেন, চাঁদপুর থেকে কক্সবাজারগামী পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও দুই পথচারীকে চাপা দেয়। এতে রিকশায় থাকা স্কুলছাত্র ও দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।