বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

বাগেরহাটের রামপালে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪২) রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় সাইদুল কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী মনোয়ার হোসেন।
 
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে স্ত্রী নাজমা বেগমকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেন সাইদুল। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে দাসহ ধরে পুলিশে দেয়। ঘটনার পর দিন নাজমার আগের পক্ষের ছেলে আব্দুলাহ-আল-মামুন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।