দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে আজ বুধবার বিদ্যুতায়িত হয়ে রাজু আহম্মেদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
জানা যায়, উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাসিন্দা গোলাম সারোয়ারের বাড়ির নারিকেল গাছের ডাল কাটার জন্য গাছে ওঠে রাজু। এ সময় একটি ডাল কেটে ফেললে গাছের পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারে ডালটি জড়িয়ে যায়। তখন নারিকেল গাছটি বিদ্যুতায়িত হয়।
ফলে গাছে থাকা রাজুর শরীরও বিদ্যুতায়িত হয়ে গাছের সঙ্গে আটকা পড়ে। রাজু আহম্মেদ সেখানেই মারা যায়। প্রায় এক ঘন্টা মৃতদেহটি গাছে আটকে থাকার পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।