খুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া কর্মকর্তা আটক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া প্রশাসনিক কর্মকর্তা পরিচয়দানকারী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মঙ্গলবার গভীর রাতের এ ঘটনায় গ্রেফতার শেখ হাফিজুর রহমান (৪০) খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের শেখ আব্দুস সাত্তারের ছেলে। হাফিজুরের কাছ থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিজিটিং কার্ড ও সিল উদ্ধার করে পুলিশ।
 
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি দেশের বিভিন্ন এলাকার মেয়েদের চাকরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
 
হাফিজুর একাধিক মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জানান, সেসব ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে।