বরিশালে এসআইসহ তিন পুলিশ আহত, ৪ শিক্ষার্থী আটক

নগরীর শহীদ নজরুল সড়কে (জিলা স্কুল সংলগ্ন) হটপ্লেট নামক রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনার সময় বাংলাভিশনের ক্যামেরা ভাংচুর ও একাধিক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে আটক করেছে।  গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
রেস্টুরেন্ট মালিক কামরুল হাসান রুমী জানান, তার রেস্টুরেন্টে থেকে সজিব নামের এক কর্মচারী মোবাইল ফোন চুরি করে। সজিবের কাছে মোবাইল ফোন চাইলে সে পার্শ্ববর্তী বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে তার পরিচিত শিক্ষার্থীদের খবর দিয়ে নিয়ে আসে। শিক্ষার্থীরা রেস্টুরেন্টে হাজির হয়ে মালিক পক্ষের সঙ্গে বচসায় লিপ্ত হয়। পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় রেস্টুরেন্ট মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় শিক্ষার্থীদের হাতে কোতয়ালী মডেল থানার এসআই সত্যরঞ্জন, কনস্টেবল ফিরোজ ও আনোয়ার আহত হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া - পাল্টা ধাওয়া শুরু হয়। সেখানে ছবি তুলতে গেলে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা ভাংচুর ও ফটো সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে মেমোরিকার্ড রেখে দেয়া হয়।
 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে উপ-পুলিশ কমিশনার আব্দুর রউফ ঘটনাস্থলে পৌছান। এ সময় পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। গ্রেফতরার করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র লুৎফর রহমান, গনিত বিভাগের ছাত্র আবিদ হোসেন ও হিসাব বিজ্ঞান বিভাগের আশিস ঢালী ও ইসমাইল সরদারকে।