'২৬ বাংলাদেশীকে ফেরত পাঠানোর বিষয়টি ঢাকা গুরুত্বের সাথে নিয়েছে'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সকল প্রকার সন্ত্রাস ও চরমপন্থার বিষয়ে বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, 'বাংলাদেশ সিঙ্গাপুর থেকে ২৬ জন বাংলাদেশীকে ফিরিয়ে দেয়ার সাম্প্রতিক ঘটনা গুরুত্বের সাথে নিয়েছে। তাদের বিরুদ্ধে চরমপন্থার অভিযোগ আনা হয়েছে।'
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার চ্যান হেং উইং আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী শাহরিয়ার এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুরে বসবাসকারী বাংলাদেশীরা আইন মেনে চলেন এবং তারা শান্তিপ্রিয়। তবে কাউকে সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করার সুযোগ বাংলাদেশ দেবে না। তিনি ফেরত পাঠানোর পরই তাৎক্ষণিকভাবে সিঙ্গাপুর সরকারের নেয়া আস্থা প্রতিষ্ঠার পদক্ষেপের প্রশংসা করেন।
 
সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপে সন্তোষ এবং আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে যে কোন ধরনের সন্ত্রাস মোকাবেলায় দুটি দেশ একসঙ্গে কাজ করবে। তিনি সিঙ্গাপুরের উন্নয়নে বাংলাদেশী শ্রমিকদের অবদানের প্রশংসা করে কোন ব্যক্তিবিশেষ বাংলাদেশীদের ইতিবাচক ভাবমূর্তিতে ছায়া ফেলতে পারবে না বলে আশ্বাস প্রদান করেন। বিশেষ করে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা প্রবাসী বাংলাদেশীদের বিরুদ্ধে কোন বৈষম্য সৃষ্টি করতে পারবে না।