কাউখালীতে নারীর হাত ও পায়ের রগ কর্তন

পিরোজপুরের কাউখালীতে ময়না আক্তার (২২) নামের এক স্বামী পরিত্যক্তার বাম হাত ও দু’পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার কেউন্দিয়া গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 
 
ময়না ওই গ্রামের ইমাম হোসেন মৃধার মেয়ে। তাকে রাত ১০টার দিকে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ময়না আক্তার জানান, বুধবার সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে ৪-৫জন মুখোশধারী তাকে মুখ চেপে ধরে প্রায় দু’কিলোমিটার দূরে একটি ফাঁকা জমির মধ্যে নিয়ে যায়। সেখানে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।