কুষ্টিয়ায় কৃষক হত্যায় দুই জনের মৃত্যুদণ্ডাদেশ

 
কুষ্টিয়ায় কৃষক সবুজ হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর এই আদেশ দেন।
 
আসামিরা হলেন-দৌলতপুর উপজেলার দিঘলকান্দী গ্রামের আমির উদ্দীনের ছেলে রুবেল ও মুরার মিয়ার ছেলে সুজন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর একই গ্রামের ছিন্টু মোল্লার ছেলে সবুজের মোটরসাইকেল ছিনিয়ে নিতে তাকে মিরপুর বাজারে ডেকে নিয়ে যায় রুবেল ও সুজন। পরে মিরপুর রেললাইনের পাশে সবুজের লাশ পাওয়া যায়। পরদিন নিহতের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।
 
বাদী পক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেছেন, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মামলার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত সর্বোচ্চ সাজা দিয়েছেন।
 
আসামি পক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।