রাজশাহীর পবায় আশ্রয় গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত একদল ডাকাত অস্ত্রের মুখে সেখানকার স্টাফসহ প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও কিছু মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, ১৪-১৫জনের মুখোশধারী ডাকাত দল সেখানকার গার্ড ও স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে সেখানকার আবাসিক প্রশিক্ষণার্থীদের রুমে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের মোবাইল ফোন থেকে সিমকার্ড ও ব্যাটারি বিচ্ছিন্ন করে। পরে রাত ২টা থেকে ৩ টা পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণার্থীদের কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকারসহ বেশকিছু দামি মোবাইল ফোন নিয়ে চলে যায়।
প্রশিক্ষক মিলন চৌধুরী জানান, তিনি বুধবার প্রথম দিনের ট্রেনিং শেষে সেখানের একটি রুমে ঘুমাচ্ছিলেন। তার রুমের দরজা নক করলে তিনি দরজা খুলে দেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারী ডাকাত দল তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার হাত বেঁধে ফেলে। মোবাইল ফোন থেকে ব্যাটারি ও সিমকার্ড বিচ্ছিন্ন করে। পরে তার কাছে থাকা সাড়ে ৩ হাজার টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।
আশ্রয় গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিজিএম আব্দুর রাজ্জাক বলেন, 'দেশিয় ধারালো অস্ত্রধারী একদল মুখোশধারী ডাকাত আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে ল্যাপটপ, মাল্টিমিডিয়াসহ গুরুত্বপূর্ণ মালামাল থাকলেও তা না নিয়ে শুধু টাকা পয়সা নিয়ে তারা চলে যায়। রাজশাহীর ৫-৬টি এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আশ্রয় প্রশিক্ষণ কেন্দ্রের সুনাম রয়েছে। এ প্রশিক্ষণ কেন্দ্রের সুনাম ক্ষুন্ন করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন। পরে ভোর ৪টার দিকে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।'
শাহমখদুম থানার ওসি আব্দুর রউফ বলেন, 'ভোর ৪টার দিকে আমরা খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হই।' বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।