ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন হাসি

২০১৫ সালের ভারতীয় প্রিমিয়ার লীগের সময় ভিভিএস লক্ষ্মনের কাছ থেকে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেবার প্রস্তাবের কথা স্বীকার করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল হাসি। গত বছর আইসিসি বিশ্বকাপের পরপরই তৎকালীন কোচ ডানকান ফ্লেচারের চুক্তি শেষ হয়ে যাওয়ায় সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর লক্ষ্মন হাসিকে এই প্রস্তাব দেন বলে জানা গেছে। 
 
ঐ সময় শ্রীলংকান দলেও আরেকটি প্রস্তাব পাবার কথা স্বীকার করেছেন হাসি। সাবেক লংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কাছ থেকে এই প্রস্তাব এসেছিল। কিন্তু হাসি উভয় প্রস্তাবই নাকচ করে দেন। কারণ ঐ সময় হাসি পরিবারের সাথেই বেশী সময় থাকার সিদ্ধান্ত নেন। তাছাড়া ঐ সময় আন্তর্জাতিকভাবে কোন দলের প্রধান কোচের দায়িত্বের বিষয়টি তিনি চিন্তাই করেননি। পরিবারের বিষয়টি ভিভিএস মেনে নিলেও এই ধরনের কাজে নিয়োগের মত যোগ্যতা হাসির নেই এই বিষয়টি মোটেই মেনে নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান। 
 
যদিও কোচের দায়িত্বটা হাসির কাছে মোটেই নতুন নয়। ২০১৫ বিশ্বকাপে হাসি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। ড্যারেন লেহম্যানের সহকারী হিসেবে ওয়ার্ল্ড  টি টোয়েন্টির অস্ট্রেলিয়া দলে কাজ করছেন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ৪০ বছর বয়সী হাসি মনে করেন আধুনিক কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন তা তিনি এখনো হয়ে উঠেননি। বাসস।