লোহাগড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রী বর্ষা (১৩) আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে নড়াইলের লোহাগড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল বর্ষা। 
 
পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামের প্রবাসী বালাম ভুঁইয়ার স্ত্রী তার ছেলে-মেয়েদের ভালো লেখাপড়ার জন্য সম্প্রতি কুন্দশী গ্রামের আতিয়ার শিকদারের বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বুধবার বিকালে মেয়ের লেখাপড়া নিয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় বর্ষার। পরে রাত ৮টার দিকে তার পড়ার ঘরের দরজা-জানালা বন্ধ দেখে বর্ষার ছোট ভাই জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পায় বর্ষা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। মাকে ডাক দিলে দ্রুত প্রতিবেশিদের সহযোগীতায় বর্ষাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
 
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আত্তাব হোসেন জানান, মৃতের গলায় দাগ আছে এবং হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। ঘটনার পর থেকে বর্ষার বাড়িতে আহাজারি চলছিল।