‘সরকারের কাছে আইনের কোনো মূল্য নেই’

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, বর্তমান সরকারের কাছে আইনের কোনো মূল্য নেই। এরা যে কোনো কাজই করতে পারেন। বৃহস্পতিবার কুমিল্লার হোমনায় তার বাসভবন ও স্থানীয় বিএনপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এম কে আনোয়ার বলেন, এরা যা বলে সেটাই আইন। তাদের কাজের জবাব দেয়ার কিছু নেই। জবাব দিতে গেলেই তাকে আইনের আওতায় পড়তে হবে, জেলে যেতে হবে। নয়তো শারীরিকভাবে লাঞ্ছিত হবে।
 
তিনি অভিযোগ করেন, দেশের জনমত প্রকাশের মূল্যবান মাধ্যম সংবাদপত্র। তারও কণ্ঠরোধ করা হচ্ছে। গণমাধ্যমও খোলাখুলিভাবে সাহস করে জনগণের কথা বলতে পারছেন না।
 
বিএনপির এই নেতা বলেন, আমার বিরুদ্ধে ৩২টি মামলা হয়েছে। তার একটিতেও  সুনির্দিষ্ট কোনো অপরাধের কথা উল্লেখ নেই। অপরাধ একটিই, আমি নাকি বেগম খালেদা জিয়াকে পরামর্শ দেই।
 
উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট কারাগারে যান এম কে আনোয়ার। আট মাস কারাভোগ করে গত ১৯ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান।