চট্টগ্রাম বন্দরে সিগারেট আটকের ঘটনায় মামলা

 
চট্টগ্রাম বন্দর থেকে বন্ড সুবিধার আওতায় সুতার পরিবর্তে আনা ২৮৮ কার্টন বিদেশি সিগারেট আটকের ঘটনায় মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া বাদি হয়ে দুইজনকে আসামি করে বন্দর থানায় এ মামলা করেন।
 
মামলায় আমদানিকারক আশুলিয়ার জেনেটিক ফ্যাশন ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টার ট্রেডিংকেও বিবাদী করা হয়েছে। আসামিরা হলেন- সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফোর স্টারের কর্মচারী কাইয়ুম হোসাইন ও মো. জসিম।
 
বন্দর থানার এসআই সাজেদ কামাল বলেন, 'কাস্টমস অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলাটি করা হয়েছে।'
 
বন্দরের ইয়ার্ডে রাখা একটি কনটেইনার থেকে বুধবার সকালে 'মন্ড' ও 'ইজি' ব্র্যান্ডের ২৮৮ কার্টন সিগারেট জব্দ করা হয়, যা সুতা আমদানির ঘোষণা দিয়ে আশুলিয়ার জেনেটিক ফ্যাশন এনেছিল। কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জসিম ও কাইয়ুমকে আটক করেছিল। মামলা হওয়ার পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান এসআই সাজেদ।
 
গত ২৫ ফেব্রুয়ারি একইভাবে আনা ৪৭০ কার্টন বেনসন অ্যান্ড হেজেস সিগারেট জব্দ করেছিল র‌্যাব। ওই ঘটনায় শুক্রবার চারজনকে কারাগারে পাঠায় আদালত।
 
মঙ্গলবার জব্দ হওয়া বিদেশি সিগারেটের শিপিং প্রতিষ্ঠান 'সাকী শিপিং লাইন', যারা ২৫ ফেব্রুয়ারি মিথ্যা ঘোষণায় সিগারেট আনার ঘটনায় যুক্ত।