প্রধানমন্ত্রীকে কুটুক্তি : শিবিরকর্মী গ্রেফতার

রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীকে ফেসবুকে কুটূক্তি করায় রাকিবুল ইসলাম নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুরে বাঘা মাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। রাকিব উপজেলার আমোদপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, উপজেলা সদরে অবস্থিত শাহদৌল্লা ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র রাকিব। তিনি জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল সম্পর্কে মাঝে মধ্যেই ফেসবুকে কুটূক্তিমূলক কথা লিখার অভিযোগ রয়েছে। 
 
সর্বশেষ বুধবার এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জয় হওয়ার পর প্রধানমন্ত্রীকে নিয়ে আবারো কুটূক্তিমূলক কথা লিখেন। এ খবর জানতে পেরে বাঘা থানা পুলিশ তাকে মাজার এলাকা থেকে গ্রেফতার করে।
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, স্থানীয় ছাত্রলীগ নেতাদের অভিযোগের ভিত্তিতে রাকিবকে গ্রেফতার করা হয়েছে। রাকিব তার অপরাধ স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে তথ্য অধিকার আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন ওই কলেজের ছাত্রলীগ নেতা শাকিব হাসান।