দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে নওগাঁর পত্নীতলা উপজেলার ১১টি ও ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়ন পত্র জমাদানের নির্ধারিত শেষ সময়ের মধ্যে চেয়ারম্যান পদে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র্য প্রার্থী ও সদস্যরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন।
পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ১১ জন, বিএনপি মনোনীত ১১ জন ও জাতীয় পার্টি মনোনীত ১ জন ছাড়াও স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে ২৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৩ ও
সাধারণ সদস্য পদে ৪২৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসার জেবুন নেছা জানান, ধামইরহাটের ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ৮ জন, বিএনপি মনোনীত ৮ জন ও জাতীয় পার্টি মনোনীত ২ জন ছাড়াও স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে ১৮ জন তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯ ও সাধারণ সদস্য পদে ৩২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনূর রহমান জানান, সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে এসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা কিংবা মনোনয়ন পত্র জমাদানে বাধা প্রদানের ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে পত্নীতলা ও ধামইরহাট উপজেলা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।