ঢাকা থেকে অপহৃত প্রবাসী কুমিল্লায় উদ্ধার, গ্রেফতার ২

ঢাকা থেকে অপহৃত মো. সিয়াম আহমেদ মাহিন নামে এক লিবিয়া প্রবাসীকে  কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে র‌্যাব।
 
র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে অপহরণের ১৫ দিন পর বৃহস্পতিবার বিকালে ওই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের সদস্য দুই ভাইকে গ্রেফতার করা হয়।
 
জানা গেছে, হবিগজের জেলার নবীগঞ্জ উপজেলার পানচাড়াই গ্রামের হেলাল উদ্দিনের পুত্র লিবিয়া প্রবাসী মো. সিয়াম আহমেদ মাহিনকে (২৫) দুর্বৃত্তরা ১৫ দিন আগে ঢাকার পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে অপহরণ করে। পরে অপহরণকারীরা মাহিনের বাবা হেলাল উদ্দিন ও তার ভাই বাহার মিয়ার মোবাইল ফোনে প্রথমে এক কোটি টাকা এবং পরে ৫০ লাখ টাকা দাবি করে আসছিল।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশীদ আলম ও এএসপি মংনেথোয়াই মারমা জানান, অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল বৃহস্পতিবার জেলার দাউদকান্দি উপজেলার ভিটমান গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের সাদেক মেম্বারের বাড়ি ঘেরাও করে একটি ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় মাহিনকে উদ্ধার করা হয় এবং অপহরণের সঙ্গে জড়িত সাদেক মেম্বারের পুত্র মোতালেব হোসেন (৩৫) ও আক্তার হোসেনকে (২৬) আটক করা হয়।