স্টুডিও ব্যবসায়ীকে হত্যা: মৃত্যুদণ্ডের পরিবর্তে ৪ আসামির যাবজ্জীবন

নরসিংদীর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। নিম্ন আদালত আসামি আলী হোসেন, রুবেল, জহিরুল ও শাহ আলমকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় দেয়। 
 
নরসিংদীর মনোহরদীর বাজারের স্টুডিও ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (২২) হত্যার দায়ে তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছিল। 
 
মামলার এজাহারে বলা হয়, স্টুডিও দোকান থেকে ডেকে নিয়ে নারিন্দা গ্রামের কেছারা বিলে নিয়ে ওই ব্যবসায়ীকে রাতে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ২০০৯ সালের ২০ মে মনোহরদী থানায় নিহতের মামা আবু সায়ীদ মামলা দায়ের করেন। এ মামলায় নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল কাসেম চার আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও আসামিপক্ষে এ কে এম ফজলুল হক খান ফরিদ শুনানি করেন।