নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপা আক্তার (৩৮) আলীনগর এলাকার সানি আলমের স্ত্রী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সানি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, সামান্তা (১৪) ও  রাকিব (১৭) নামে দুই সন্তান রয়েছে এ দম্পতির। প্রায়ই তাদের পারিবারিক কলহ হত। বৃহস্পতিবার দুপুরেও তাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুনতে পায় প্রতিবেশীরা। দুপুরে মেয়ে সামান্তা স্কুল থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে মায়ের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। ঝগড়ার এক পর্যায়ে সানি স্ত্রী রিপাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।