কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৬০) নামে এক বৃদ্ধ নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উলুখোলা বাইপাস সড়কের উলুখোলা ও দুপুরে বাগদি নামকস্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে।  
 
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে উলুখোলা বাইপাস সড়কের পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় রূপগঞ্জগামী লেগুনার সঙ্গে উলুখোলাগামী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী আবুল বাশার নিহত হন এবং আহত হন আরো ছয়জন। আহতদের উদ্ধার করে ঢাকা ও টঙ্গীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দড়ি চাইরতাল্লুক গ্রামের বাসিন্দা।
 
এদিকে একই দিনের দুপুরে উলুখোলা বাইপাস সড়কের বাগদি এলাকায় নসিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে নসিমনের চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।