ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও বৈশাখী ভাতা প্রদানের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডিইউজে এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ এই দাবি জানান।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ জাতীয় পে-স্কেল ঘোষণার পর সরকারি কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের বেতন-ভাতার যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা অবিলম্বে নিরসনেরও দাবি জানান।
সভায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখে গণমাধ্যম কর্মীদের বৈশাখী ভাতা প্রদান করার জন্য আহবান জানানো হয়।
সভায় আগামী ২ বছরের জন্য নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়। সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন ডিইউজে এর ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও শেষ পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদ। সভা পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ডিইউজে এর নির্বাচন অনুষ্ঠিত হয়।