বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীনের মোবাইল ডিভাইস নির্মাতারা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ভিভো। বেশ কিছু ডিভাইস এনে নজর কেড়েছে এই কোম্পানি। এবার তারা বিশ্বের প্রথম ৬ গিগাবাইট (জিবি) র্যামের স্মার্টফোন ভিভো এক্সপ্লে ৫ এলিট আনতে যাচ্ছে। সম্প্রতি ডিভাইসটি চীনের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে।
এর আগে সবচেয়ে কম পুরুত্বের স্মার্টফোন উন্মোচন করে সাড়া ফেলেছিল ভিভো। এবার বাজার মাতাতে আনছে ভিভো এক্সপ্লে ৫ এলিট। ডিভাইসটির ৪ জিবি র্যাম সংস্করণও বাজারজাত করা হবে।
সংশ্লিষ্টদের দাবি, ডুয়াল সিম সুবিধার নতুন স্মার্টফোনটি বিভিন্ন ফিচার ও কার্যক্ষমতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী হবে। এর কাঠামোয় ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ফোর।
স্মার্টফোনটিতে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের মতো ডুয়াল কার্ভড ৫ দশমিক ৪৩ ইঞ্চি সুপার অ্যামোলেড কোয়াড-এইচডি ডিসপ্লে, যার ডিসপ্লে রেজ্যুলেশন ১৪৪০–২৫৬০ পিক্সেল। এতে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে।
৬ গিগাবাইট র্যামের এ ফোনে ২ দশমিক ১৫ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর রয়েছে।
৩৬০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির ডিভাইসটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে।