গাজীপুরে পিকনিক স্পট রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল কয়েকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে। এতে বিআরটিএর দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
রিসোর্টের অতিথিদের সূত্রে জানা গেছে, তাদের শুক্রবার এই রিসোর্টে পিকনিক করার কথা ছিল। এ জন্য গতকাল রাতে ১৫ জন রিসোর্টে উপস্থিত হয়। রাত আড়াইটার দিকে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে রিসোর্টে হামলা চালায়। তাঁরা চার-পাঁচজনের ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিটি কটেজে অবস্থান নেয়। এ সময় রিসোর্টে থাকা কয়েকজনকে মারধর করে নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন সেট লুট করে পালিয়ে যায়।
আহতরা হলেন- উত্তরা বিআরটিএর কর্মকর্তা মো. আশরাফুজ্জামান (৫৫), তাঁর গাড়ি চালক নূরুল ইসলাম (৫০), গাজীপুরের বিআরটিএর পরিদর্শক ওয়াজেদ হোসেন (৫২) ও রিসোর্টের কর্মী ইসমাইল হোসেনসহ আরো একজন আহত হন। আহত চারজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশরাফুজ্জামানকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. নাজমুল হক জানান, ডাকাতেরা মারধর করে ২০ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন সেট লুটে নিয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।