রাঙ্গামাটিতে পাট পণ্যের হস্ত-কুটির শিল্প মেলা শুরু

পার্বত্য অঞ্চলে পাট পণ্য ও তাঁতবস্ত্র বাজারজাত করার লক্ষে জেলায় মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। পাটের উৎপাদিত পণ্যের প্রসার ঘটাতে রাঙ্গামাটিতে এ মেলা শুরু হয়েছে।
 
'উদ্যোক্তা উন্নয়ন পরিষদ ও ডেভেলপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস)' এর উদ্যোগে জেলার জিমনেশিয়াম চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বৃহস্পতিবার বিকালে এ মেলার উদ্ধোধন করেন।
 
মেলায় বিভিন্ন ধরনের তাঁতের তৈরি পোশাক, শাড়ি ও পাটজাত সামগ্রীসহ অন্যান্য পণ্যের বিপুল সমারোহ ঘটে। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পের ৫০টি স্টল স্থাপন করা হয়েছে।
 
মেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে বৃষ কেতু চাকমা বলেন, 'ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহায়তা বৃদ্ধিতে এ মেলা ভূমিকা রাখবে। জেলা পরিষদ এ মেলার আয়োজনে সহয়তা দিচ্ছে।'
 
স্টল মালিকরা অভিযোগ করেন, বিগত কয়েক বছর ধরে এ মেলার আয়োজন করা হলেও, কিছু অনিয়মের কারণে অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হতে পারছেন না। ষ্টল বরাদ্ধ দেয়ার সময় ব্যাক্তিভেদে ভাড়া আদায় করা হয়। এতে করে আগ্রহী অনেকে মেলায় স্টল দিতে এসেও পিছিয়ে যান।