নান্দাইলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রাম থেকে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। 
 
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার হালিউড়া গ্রামের রাস্তার পাশে শহরআলী চেয়ারম্যানের পতিত জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয় । নিহত যুবক মো. শরীফ মিয়া (২১) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের চা বিক্রেতা সরুজ আলীর একমাত্র পুত্র। 
 
নিহতের চাচা হারুন অর রশিদ জানান, নিহত শরীফ মিয়া মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী আনা-নেয়া করতেন। তাই গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কালেঙ্গা বাজার থেকে মোটর নিয়ে দেয়ানগঞ্জ বাজারের দিকে যাওয়ার পর আর কোন খোঁজ পাওয়া যায়নি। সকালে আমরা জানতে পারি তাকে কে বা কারা গলা কেটে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।
 
এ বিষয়ে নান্দাইল মডেল থানার (ওসি) আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইকারীরা খুন করে মোটরসাইকেল নিয়ে গেছে। তারপরও আরো অধিকতর তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। 
 
এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ (উত্তর) এর অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে এ খুনের সঙ্গে জড়িতদের খুব তাড়াতাড়ি গ্রেফতারের আশ্বাস দেন।