সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় মুরাদনগরে গ্রেফতার ১

 
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাংবাদিক সাদেকুর রহমানকে হত্যার চেষ্টা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া হানিফ সরকারকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ বিচারপতি হানিফকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 
মুরাদনগর উপজেলায় নবগঠিত বাঙ্গরা থানার পুলিশ গত বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার হিরাপুর গ্রামের দক্ষিণপাড়াস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। এর আগে ভারতের দৈনিক ভাষ্কর পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ সাদেকুর রহমানের গ্রামের বাড়ি মুরাদনগরের বাঙ্গরায় সাদেকুরের উপর হামলা করে স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা। এ ঘটনায় সাংবাদিক একটি মামলা দায়ের করেন।
 
মামলার বিবরণে জানা যায়, বাঙ্গরা এলাকার হানিফ ও তার অন্য ভাইয়েরা র্দীর্ঘদিন ধরে সাংবাদিক সাদেকুর রহমানের পৈতৃক বাড়ি ও জমি-জমা দখলের পাঁয়তারা করে আসছিল। ইতিপূর্বেও হানিফ গং সাদেক ও তার বড় ভাই শাহাদাৎ হোসেনকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি দখল করে স্থাপনা নির্মাণ করতে গেলে খবর পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে বাধা দিলে গ্রেফতারকৃত হানিফ ছাড়াও তার বড় ভাই ইউনূস, মাওলানা রেজাউল করিমসহ সঙ্গীয় লোকজন হত্যার  উদ্দেশ্যে অস্ত্র নিয়ে সাদেককে হাত ও মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। সাংবাদিক সাদেক  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনূস ও হানিফ হত্যা, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামি । মাওলানা করিম পাকিস্তানের তাইয়েবিয়া কাদেরিয়া দরবার শরীফের বাংলাদেশের খলিফা হিসেবে নিযুক্ত রয়েছে। মাওলানা করিমের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য অভিযোগ। তার বিরুদ্ধে পূর্বে স্থানীয় ও দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।