গাজীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের কটিয়াদি থানার ফুলদি গ্রামের শফিক (২৫), ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের ওসমান গনি (২৪), লালমনিরহাট সদরের সিন্ধুরিয়া এলাকার মো: আতাউর রহমান (২০), ময়মনসিংহের ফুলপুর এলাকার রনি (৩০), একই জেলার তারাকান্দা থানার পানিউরা গ্রামের শাহিন মিয়া (২৫), জয়পুরহাটের কালাই এলাকার সুমন মিয়া (২২) ও রবিউল ইসলাম (২২) ও শেরপুরের শ্রীবর্দী থানার পশ্চিম থানাপাড়া এলাকার মোস্তফা (২৬)।
জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, গাজীপুরে বিভিন্ন গার্মেন্ট কারখানায় ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার সকালে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ওৎ পেতে থাকে। এক পর্যায়ে ডাকাতদলটি ট্রাকযোগে ঢাকার দিকে চলে যায়। ডাকাতরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাকটি পার্কিং করে রাখে। পুলিশ পিছু ধাওয়া করে ওই এলাকায় বিমান বন্দর থানা পুলিশের সহায়তায় মহাসড়কে বেরিকেট দিয়ে ট্রাকটিকে ঘেরাও করে ফেলে। পরে শুক্রবার ভোর তিনটার দিকে পুলিশ ওই ট্রাক থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় কয়েক ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ডাকাত ওসমান গণি জানায়, তারা গাজীপুর, সাভার, আশুলিয়া এলাকায় বিভিন্ন গার্মেন্টসে ডাকাতি করতো। গত দেড় বছরে তারা অন্তত ২৫-৩০টি গার্মেন্টে ডাকাতি করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত ১৭ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মা এ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানার গুদামে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি বড় ট্রাক, বড় কাটার, রেঞ্জ, শাবল ও লোহার রড উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছে।