শাহজালালে ৬টি স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত তাসলিম হোসেন (২৯) নামে এক যাত্রীর পায়ুপথে কনডমে মোড়ানো অবস্থায় ৬শত গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ তাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্তৃপক্ষ। আটক হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
 
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি এলাকায় এই স্বর্ণের বার আটকের ঘটনা ঘটে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল এই তথ্য নিশ্চিত করেছেন।
 
শিমুল জানান, শুক্রবার সকাল ৬টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্স (ইএ-০৮৭) নম্বরের বিমানে করে বাংলাদেশী যাত্রী তাসলিম হোসেন ঢাকায় আসে। সে বিমানবন্দরে নেমে সকাল সাড়ে ৭টার দিকে তড়িগড়ি করে ২ নম্বর ক্যানোপি এলাকা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে।
 
তখন এপিবিএন-এর দায়িত্বরত কনস্টেবল কং-৮৭৫৪ মো. শাহীনুর ইসলাম বিমানযাত্রী তাসলিম হোসেনকে তার গতিবিধি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাসলিম হোসেন জানান তার নিকট একটি সোনার বার আছে। পরে তাকে সাথে সাথে আটক করে বিমানবন্দর এপিবিএন অফিসে নিয়ে যাওয়া হয়।
 
পরবর্তীতে তাসলিম হোসেনের শরীর ও দেহ তল্লাশি চালিয়ে তার পায়ুপথ থেকে কনডমের ভেতর মোড়ানো অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম।